চাঁদপুর সদরের বহরিয়া এলাকায় জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মাথায় টেঁটাবিদ্ধ রাব্বিকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বাকি চারজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা হলেন, আক্কাস খান (৫০), আফজাল খান (৪৮), আবু সুফিয়ান (৪০) ও বোরহান উদ্দিন (৩৫)।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহতদের মুখমন্ডলসহ শরীরে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। এছাড়া আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, জেলেদের মধ্যে চাল বিতরণের সময় নাসির খান ও সুমন ভূঁইয়ার পক্ষের লোকজন প্রথমে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় দুপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।
স্থানীয় বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন মৃধা জানান, বিবাদমান দুপক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে যাতে সংঘর্ষ না হয় এ ঘটনাস্থলে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেয়া হয়।
ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
