ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জে দুই দিন বন্ধ সব হোমিওপ্যাথিক দোকান ও চেম্বার

শাখাওয়াত হোসেন শামীম
অক্টোবর ২০, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, উৎসবের নিরাপত্তা নিশ্চিত করা এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত রেকটিফাইড স্পিরিট ও ইথাইল অ্যালকোহলের অপব্যবহার রোধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব হোমিওপ্যাথিক দোকান ও চেম্বার দুই দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) ও বুধবার (২১ অক্টোবর) উপজেলার সব পাইকারি ও খুচরা হোমিওপ্যাথিক ওষুধের দোকান এবং চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসকদের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক সাফিউল বাসার রুজমনের নেতৃত্বে বাজারে তদারকি কার্যক্রম শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, নির্দেশনা বাস্তবায়নে হোমিওপ্যাথিক ওষুধের দোকান ও চেম্বার বন্ধ রাখা হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুর্গোৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।