ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চরবাসীর জীবন ও অস্তিত্ব রক্ষায় হাইমচরে দুই দফা দাবিতে গণস্বাক্ষর

বিএম ফরিদ আহমেদ
অক্টোবর ১৯, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মানুষের জীবন, সম্পদ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দুই দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন স্থানীয় তরুণরা। সরকারি ওয়াটার অ্যাম্বুলেন্স চালু এবং নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নীলকমল ইউনিয়নের মাঝেরচর এলাকার মাঝির বাজারসংলগ্ন নদীর পাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইউনিয়নের যুবসমাজের পক্ষে জে এস জিসান, শামীম সরকার, মান্নান হাওলাদার, হৃদয় পেদা ও সুজন ঢালীর উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

তরুণদের উত্থাপিত দুই দফা দাবি হলো—

১. জরুরি চিকিৎসাসেবায় সরকারি ওয়াটার অ্যাম্বুলেন্স চালু: নীলকমল ইউনিয়নের নদীবেষ্টিত ও দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য একটি সরকারি ওয়াটার অ্যাম্বুলেন্স বরাদ্দ ও নিয়মিত পরিচালনার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সাপে কাটা রোগী, প্রসূতি নারী, দুর্ঘটনায় আহত ব্যক্তি ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে পৌঁছানোর জন্য কার্যকর জরুরি নৌ-চিকিৎসা পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে হবে।

২. নদীভাঙন রোধে টেকসই ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ: নীলকমল ইউনিয়নের নদীভাঙনকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। চরাঞ্চলের মানুষের বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনপদ রক্ষায় পরিকল্পিত, টেকসই ও স্থায়ী নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে।

উদ্যোক্তারা জানান, নীলকমল ইউনিয়নের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা জরুরি চিকিৎসাসেবা পাওয়া। নদীপথের ওপর নির্ভরশীল হওয়ায় গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সাপে কাটা রোগী ও প্রসূতি নারীদের ক্ষেত্রে এ সংকট আরও ভয়াবহ হয়ে ওঠে। সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেকের প্রাণহানি ঘটেছে বলেও স্থানীয়দের দাবি।

অন্যদিকে, নদীভাঙনের কারণে চরাঞ্চলের মানুষের বসতভিটা, জীবিকা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না হলে গুরুত্বপূর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি দুই দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতে বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার স্থাপন করছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তারা বলেন, ‘আমরা নীলকমল ইউনিয়নবাসীর জীবন ও অস্তিত্ব রক্ষায় দুই দফা দাবি নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করছি। স্বাক্ষর সংগ্রহ শেষে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে লিখিত আবেদন জমা দেওয়া হবে। আমাদের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরাঞ্চলের মানুষের দুর্ভোগ ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’

তাঁরা আরও জানান, এ উদ্যোগ কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; বরং নীলকমল ইউনিয়নের সর্বস্তরের মানুষের জীবন, সম্পদ ও ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে নেওয়া হয়েছে। দুই দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।