চাঁদপুরের শাহরাস্তিতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত ও সহযোগিতা করার লক্ষ্যে উপজেলা ভিত্তিক একটি কমিটি অনুমোদন করা হয়েছে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ কৃতকার্যতার লক্ষ্য নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়ভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির মাধ্যমে নবম শ্রেণি থেকে এসএসসি ও এইচএসসি পর্যন্ত অধ্যয়নরত হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ফরম পূরণ, ভর্তি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয়ের ভার বহনে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।
কমিটি গঠনের প্রস্তাবে বলা হয়েছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তন সফল ও স্বচ্ছল শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সংশ্লিষ্ট বিদ্যালয়ে কমিটি গঠন করা হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।
অনুমোদিত তালিকা অনুযায়ী, শহিদ উল্লাহ কায়সারকে সভাপতি এবং শাহ মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক ব্যক্তিকে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন শেখ বেলায়েত হোসেন সেলিম, আক্তার হোসেন চৌধুরী, মো. জসিম উদ্দিন এমএসসি, মাহবুবুর রহমান সেলিম, মো. কামরুল আহসান, জহিরুল ইসলাম বি.এস.সি, হাবিবুর রহমান পাটোয়ারী ও এইচ এম বদিউজ্জামান ভূঁইয়াসহ অনেকে।
এছাড়া উপজেলা কমিটির উপদেষ্টা হিসেবে আয়েত আলী ভূঁইয়াকে সভাপতি, আব্দুল মান্নান পাটোয়ারী। আবু ইউসুফ রুপম পাটোয়ারীকে সহ-সভাপতি এবং মোজামেল হক পাটোয়ারী, মো. সেলিম পাটোয়ারী, মো. আক্তার হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বিত সহযোগিতা আরও জোরদার হবে।
