ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কবর থেকে উত্তোলন করা হবে আলোচিত বালুখেকো সেলিম ও চিত্রনায়ক শান্তর লাশ

Chandpur Tribune
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরে আলোচিত চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খানের লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে। ২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত হওয়ার পর তাদের লাশ দাফন করা হয়েছিল।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদপুর জেলা প্রশাসক বরাবর কবর থেকে লাশ উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চেয়েছি। অনুমতি পেলে লাশ উত্তোলনের সময় জানানো হবে।

 

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়ার সময় সেলিম খান ও তার ছেলে শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। সেখান থেকে বের হয়ে আসতে পারলেও পরে বাগড়া বাজার এলাকায় তারা জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। ওই সময় পরিস্থিতির কারণে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।

 

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

 

সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে জানা যায়।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ বলেন, আদালতের নির্দেশের পর এখন সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর কারণ ও সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবে এই ময়নাতদন্ত করা হবে।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।