মৃত্যুর পরও স্বজনদের শেষ বিদায় জানাতে হয়েছে কোমর সমান পানি মাড়িয়ে। এমন এক নির্মম পরিস্থিতির সৃষ্টি হয়েছে চাঁদপুরের হাইমচরে, যা যে কারও হৃদয়কে নাড়া দেবে।
গত ১১ সেপ্টেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের স্থানীয় মুদি দোকানি ইসমাইল গাজী। তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর পর শুরু হয় চরম দুর্ভোগ। এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, হাইমচরে মেঘনা নদীর জোয়ারের পানি আর ভাঙনে ইসমাইল গাজীর দোকানের সামনে থেকে বাবুল মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে বাধ্য হয়েই পরিবারের সদস্য ও স্বজনরা পানিতে তলিয়ে যাওয়া সড়কে কাঁধে করে মরদেহ জানাজার মাঠ পর্যন্ত নিয়ে যান।
ঘটনাটি দেখে স্থানীয় যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী সুমন বলেন, জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর পরেও এমন অমানবিক পরিস্থিতির শিকার হতে হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের এখন একটাই দাবি- দ্রুত এই রাস্তাটি উঁচু ও স্থায়ীভাবে সংস্কার করা হোক। আর কোনো ইসমাইল গাজীকে যেন এমন দুর্ভোগ নিয়ে শেষবিদায় নিতে না হয়।
চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, আমি উপজেলার উন্নয়ন বরাদ্দ থেকে সমস্যা সমাধানে কিছু করার চেষ্টা করব। যদি তা সম্ভব না হয় তাহলে আমাদের এলজিইডির যেসব প্রকল্প রয়েছে; সেগুলোর আওতায় হলেও কিছু করার উদ্যোগ নিব।
