ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ১৩ বছরের মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার এক

শান্তু ধর
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় নিজের প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক আবাসিক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মো. নুরুল আলম (৪০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নুরুল আলম কচুয়া উপজেলার ১২ নম্বর আশরাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের বেনুছো বাড়ির মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হওয়ার সুবাদে নুরুল আলম দীর্ঘদিন ধরে মাদ্রাসার আবাসিক কক্ষে থাকা ১৩ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে বিভিন্ন সময় অশোভন আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী পড়ালেখা করছিল। এ সময় নুরুল আলম কৌশলে তাকে পড়ার কক্ষ থেকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও শ্লীলতাহানি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে বিষয়টি তার মাকে জানায়। খবর পেয়ে ছাত্রীর মা মাদ্রাসায় গিয়ে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে তিনি কচুয়া থানায় গিয়ে নুরুল আলমকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কচুয়া থানায় নথিভুক্ত হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে মামলার অভিযোগে আরও বলা হয়েছে, এর আগেও মাদ্রাসার একাধিক ছাত্রীর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের অশোভন আচরণের অভিযোগ ছিল।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল আলমকে গ্রেপ্তার করে। সোমবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত আইনগত তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।