চাঁদপুরের কচুয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের যোগীচাপড়া পশ্চিমপাড়া কেরামত আলী মুন্সী বাড়ির ঈদগাহের পূর্ব পাশে চলাচলের কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—যোগীচাপড়া মোল্লা বাড়ির মৃত হাফেজ আব্দুল মবিনের ছেলে মো. নুরনবী মোল্লা (৩৮), যোগীচাপড়া চান মিয়া মুন্সী বাড়ির মো. আক্তার হোসেনের ছেলে মো. মানিক হোসেন (৩২) এবং একই এলাকার মোল্লা বাড়ির মো. শেখ মজিবুর রহমান মোল্লার ছেলে মো. মহিন মোল্লা (২৮)।
পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ফ.ম. শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১.৫ গ্রাম) এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-২৪, তারিখ-১৪ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
