ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

Chandpur Tribune
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর মারধরের অভিযোগে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জানা যায়, ২০২০ সালের মার্চ মাসে ইসলামী শরিয়াহ মোতাবেক কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামের মো. মাহমুদুল হাসানের সঙ্গে সালমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে মাহমুদুল হাসান তার স্ত্রীকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

গত ১০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাহমুদুল হাসান তার স্ত্রী সালমা আক্তারকে মারধর করেন এবং তার তলপেটে সজোরে লাথি মারেন বলে অভিযোগ করা হয়।
পরদিন ১১ সেপ্টেম্বর সালমা তলপেটে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। পরে নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২, ৩২৫, ৩০৭ ও ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর-২২, তারিখ-১২ সেপ্টেম্বর ২০২৬।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সরকার জানান, প্রাথমিক অনুসন্ধান ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।