ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Chandpur Tribune
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিভূতিভূষণ রায় সুজন ও সাধারণ সম্পাদক রতন সরকারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত ভক্ত শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তদের উপস্থিতিতে হাজীগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় সাজসজ্জায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পরে শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. ওমর সানী আকন। এছাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল শিকদার,কোষাধ্যক্ষ গৌরাঙ্গ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক দুলাল দাস, সহ-সভাপতি সুজন রায়, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল দাস,গোপাল সাহা, বললাম সাহা,টিটু সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা সম্পা বণিক, সীমা মিশ্র ও নন্দিনী দাসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুগ্ম সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার সদস্য ডা. মানিক লাল মজুমদার, সঞ্জয় কর্মকার, ডা. নরেশ চন্দ্র রায়, তাপস সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ফটিক কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু, সাবেক নেতা লিটন পাল এবং হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সামাজিক সংগঠন ‘আমার প্রবাসী ২০২৪’-এর সভাপতি শ্রীকৃষ্ণ শীল ও সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস বাপ্পীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু ও রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীহারঞ্জন হালদার মিলন। বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবতার চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।