ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‘বাবা কবে ফিরবে?—৯ বছর ধরে নিখোঁজ স্বামী, অপেক্ষায় বিউটি আক্তার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

শ্রমিকের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জাহাঙ্গীর আলম। সেই থেকে কেটে গেছে দীর্ঘ ৯ বছর। স্বামীর কোনো সন্ধান না পেলেও আজও তার ফেরার আশায় দিন গুনছেন স্ত্রী বিউটি আক্তার।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোলদিঘী গ্রামের ইসলাম মাস্টারের বাড়ির বিউটি আক্তারের স্বামী জাহাঙ্গীর আলম ২০১৮ সালে নিখোঁজ হন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ার পর দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিবারটি।

তাদের বড় মেয়ে মুসফিকা তন্নী অভাব অনটনের কারণে দশম শ্রেণির পর পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়েছে। ছেলে জুবায়ের হোসেন বর্তমানে প্রথম শ্রেণিতে পড়ছে। সন্তানদের খাবার, পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে প্রতিদিনই সংগ্রাম করছেন বিউটি আক্তার।

অন্যদিকে, নিখোঁজ জাহাঙ্গীর আলমের বৃদ্ধ বাবা জামাল হোসেন ও মা কোহিনুর বেগমও ছেলের অপেক্ষায় দিন গুনছেন। তাদের একটাই আকুতি মৃত্যুর আগে যেন আর একবার প্রিয় ছেলেকে দেখতে পারেন।

দীর্ঘ ৯ বছরেও জাহাঙ্গীর আলমের কোনো সন্ধান মেলেনি। তবুও স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের মনে এখনো আশা হয়তো কোনো একদিন তিনি ফিরে আসবেন।

অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।