মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রি কলেজ ও আশপাশের এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র্যালিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গৌতম চন্দ্র হালদার, শাহরাস্তি থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরাসহ প্রায় ৭০০ থেকে ৮০০ জন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে চিতোষী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সভা থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
