ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. নাঈম হোসেন পলোয়ান
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, দলীয় প্রতীক এবং বাদ্যযন্ত্রসহ উৎসবমুখর পরিবেশে অংশ নেন। দীর্ঘদিন পর উপজেলা বিএনপির অধিকাংশ সিনিয়র নেতাকে একই মঞ্চে দেখা যাওয়ায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আশাবাদ সৃষ্টি হয়।

এর আগে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মাঠে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে মোতাহার হোসেন পাটওয়ারী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

র‌্যালি শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের (ফরিদগঞ্জ) প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপক, হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, মো. জাকির পাটওয়ারী, আব্দুর রহমান, মো. মাসুদ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ, আবুল কাশেম পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এবং সাবেক সদস্য সচিব আব্দুল মতিনসহ অন্যান্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বৈরশাসনের কারণে মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘ সময় পর জনগণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিগত সরকারের রেখে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে। বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।”
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক নেতা। মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের জন্য অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

দলের সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, “আমি যদি দলের নেতৃত্ব পাই, তাহলে দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে ফরিদগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। সকল নেতাকর্মীকে একত্রিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময় ধরে নানা রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।