হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ মতবিনিময় সভা করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় তিনি সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সঠিক পরামর্শ দিয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে বেগবান করার আহবান জানান।
ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি বলেন, “হাজীগঞ্জকে একটি আধুনিক, সুস্থ ও বাসযোগ্য মডেল শহর হিসেবে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, যানজট নিরসন, ভূমিদস্যুদের দখলে থাকা ভরাটকৃত খাল উদ্ধার এবং পরিবেশগত সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
এসময় তিনি নাগরিক সমস্যা সমাধানে, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা জোরদারকরণ এবং যানজট নিরসনে,বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা তুলে ধরেন। নেতৃবৃন্দ হাজীগঞ্জের যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমুখী উন্নয়ন উদ্যোগে প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহবায়ক, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম চিশতী, সদস্য গাজী সালাউদ্দীন ও কাজী হারুন উপস্থিত ছিলেন। অত্যন্ত আন্তরিক প্রীতিপূর্ণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে মতবিনিময়ের সমাপ্তি ঘটে।
