ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ১৫ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, গ্রেপ্তার দুই

Chandpur Tribune
আগস্ট ১৮, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাডো গাড়ি জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মাদকের চালান বহনকারী সাদা রঙের একটি প্রাডো গাড়িকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে অনুসরণ করা হয়। পরে কোতোয়ালী থানাধীন জাগুরঝুলি এলাকার কৃষ্ণনগর এলাকায় গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

অভিযানকালে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে। তারা গতকাল কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাতে চট্টগ্রামে অবস্থান করে। পরে সকালে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সময় কুমিল্লায় পুলিশের হাতে আটক হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের চোরাচালান, পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে।

মাদককে না বলুন। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।