চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী পৃথক অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহযোগিতায় ১৬ আগস্ট ২০২৬ তারিখে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে এসআই (নিঃ) আইয়ুব খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পশ্চিম চিতোষী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও এলাকায় আব্দুল আওয়াল মোল্লার বাড়ির উত্তর পাশে নরিংপুর-চিতোষী সড়কে অভিযান চালান। এ সময় মো. ইমান হোসেন (২৮) ও মো. রিয়াদ হোসেন (২৬)-কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমান হোসেন শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর এলাকার বাসিন্দা। অপর আসামি রিয়াদ হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়াপাড়া এলাকার বাসিন্দা।
অপরদিকে, এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রফিক কবিরাজের পুকুরের দক্ষিণ-পূর্ব কোণে কাঁচা রাস্তার ওপর থেকে আনোয়ার হোসেন সোহাগ (২৯)-কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সোহাগ বিশাড়া গ্রামের জয়নাল চেয়ারম্যানের বাড়ির দেলোয়ার হোসেন ও রোকেয়া বেগমের ছেলে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ইমান হোসেন ও রিয়াদের বিরুদ্ধে দায়ের করা মামলার এফআইআর নং-১৯, জিআর নং-২৬২ এবং আনোয়ার হোসেন সোহাগের বিরুদ্ধে এফআইআর নং-১৮, জিআর নং-২৬১।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকেই ১৭ আগস্ট ২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
