চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ (বিশ) গ্রাম গাঁজাসহ আবদুল্লাহ মোহাম্মদ শিহাব (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রফিকুল ইসলামের সহযোগিতায় এসআই (নিঃ) শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৬ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে শাহরাস্তি থানাধীন পূর্ব চিতোষী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদরা সাকিনের খালপাড় পুলের গোড়ায় কাশেমের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে আবদুল্লাহ মোহাম্মদ শিহাবকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ (বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবদুল্লাহ মোহাম্মদ শিহাবের পিতা নুরুল হক এবং মাতা শাহিদা বেগম। তার স্থায়ী ঠিকানা কাদরা (মাঝের বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২০, তারিখ-১৬ আগস্ট ২০২৬ খ্রিঃ, জিআর নং-২৬৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে ১৭ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
