ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জরাজীর্ণ হাইমচর থানায় ঝুঁকি নিয়ে পুলিশের দায়িত্ব পালন

Chandpur Tribune
আগস্ট ১২, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচর থানার জরাজীর্ণ ভবন নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যে থানায় দায়িত্ব পালন করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছেন পুলিশ সদস্যরা, সেই ভবনটিই এখন তাদের জন্য নিরাপত্তাঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

থানার মূল ভবনের বিম, কলাম ও ছাদজুড়ে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের ফাটল। অনেক স্থানে রডে মরিচা ধরে কংক্রিট ও পলেস্তারা খসে পড়ছে। ভবনের বিভিন্ন অংশে স্যাঁতসেঁতে ভাব, শ্যাওলা ও আগাছা জমে কাঠামোর দুর্বলতা আরও বাড়িয়েছে। সিঁড়ি ও বারান্দার বিভিন্ন স্থানেও রড বের হয়ে রয়েছে।

জানা যায়, প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য ঝুঁকিপূর্ণ এই ভবনেই দায়িত্ব পালন ও বসবাস করছেন। ফলে প্রতিদিনই তাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। পুলিশ সদস্যদের ভাষ্য, দায়িত্ব শেষে বিশ্রামের সময়ও ভবনের অবস্থা নিয়ে তাদের মধ্যে আতঙ্ক কাজ করে।

থানার কর্মকর্তারা জানান, আগে ভবনের বিভিন্ন অংশের প্লাস্টার ও সিলিংয়ের অংশ খসে পড়ার ঘটনাও ঘটেছে। এতে পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা জানান। ভবনের বর্তমান অবস্থায় স্বাভাবিকভাবে দায়িত্ব পালন ও বসবাস করা নিয়ে উদ্বেগ রয়েছে তাদের মধ্যে।

হাইমচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছেন, সামান্য ভূমিকম্পের ঝাঁকুনিতেও ভবনটি ক্ষতিগ্রস্ত বা ধসে পড়তে পারে।

চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো জানান, দুইতলা ভবনটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়। দীর্ঘদিনের অতিরিক্ত স্যাঁতসেঁতে অবস্থার কারণে বিম, কলাম ও ছাদসহ বিভিন্ন অংশের রডে মরিচা ধরে কাঠামোগত ক্ষতি হয়েছে। সাময়িক মেরামত করা গেলেও সেটি দীর্ঘমেয়াদি সমাধান হবে না বলে তিনি জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানার ভবনের ঝুঁকির বিষয়টি গণপূর্ত বিভাগ ও পুলিশ হেডকোয়ার্টার্সকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে পুলিশ সদস্যদের নিরাপত্তার পাশাপাশি হাইমচরের সাধারণ মানুষের আইনশৃঙ্খলা ও পুলিশি সেবাও আরও নিরাপদ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হাইমচর নদীভাঙনপ্রবণ এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত থানার ভবনটির ভবিষ্যৎ নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ সদস্য ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।