এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে এলএনজি সরবরাহে অনাকাঙ্ক্ষিত ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আওতাধীন চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ একেবারেই শূন্যে নেমে যাওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১২ আগস্ট) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে এলএনজি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে বিজিডিসিএলের আওতাধীন বিতরণ এলাকাগুলোর মধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ শূন্য পর্যায়েও নেমে গেছে।
এ পরিস্থিতির কারণে আবাসিক গ্রাহকদের সাময়িক অসুবিধা হচ্ছে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
গ্যাস সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিজিডিসিএলের হটলাইন ১৬৫২৩ নম্বরে যোগাযোগ করার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।
