সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে আজ।
বুধবার (১২ আগস্ট) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শাহরাস্তি প্রেসক্লাব। এতে সৌজন্যে রয়েছে ওয়ারুকের মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার।
দিনব্যাপী এ কর্মশালায় সংবাদ সংগ্রহ, রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা, সাংবাদিকতার নৈতিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং, মফস্বল সাংবাদিকদের ক্যারিয়ার পরিকল্পনা এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সকাল ৯টা ৩১ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ নিশ্চিতকরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ৯টা ৪৬ মিনিটে কর্মশালার উদ্বোধন করবেন মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের চেয়ারম্যান ও শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য ডা. মো. আরিফ উল হাসান।
প্রথম সেশনে ‘সংবাদের উৎস, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও সাংবাদিকতায় নৈতিকতা’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, পিএইচএফ।
এরপর ‘সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও এমআরডিআই আয়োজিত ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি) প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক।
দুপুরের সেশনে ‘এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন বুম বাংলাদেশের ফ্যাক্ট-চেকার ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাস্টার ট্রেইনার তৈসিফ আকবর।
এরপর ‘মফস্বল সাংবাদিকদের ক্যারিয়ার প্ল্যান’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ।
দিনের শেষ প্রশিক্ষণ সেশনে ‘ডিজিটাল সাংবাদিকতার কলাকৌশল’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন আরটিভির ডিজিটাল কনটেন্ট অ্যান্ড মোবাইল জার্নালিজমের ইনচার্জ দেলোয়ার হোসেন।
বিকেল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈদুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং কার্যনির্বাহী সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিরা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য মো. আবদুল হান্নান চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার।
আয়োজকরা জানান, পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই এ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য।
শাহরাস্তি প্রেসক্লাবের এ উদ্যোগকে স্থানীয় সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
