চাঁদপুর-হাইমচর সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীদের অভিযোগ, সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় যেন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি, সন্ধ্যা নেমে আসা কিংবা সিএনজির সংখ্যা কিছুটা কমে গেলেই অনেক চালক নির্ধারিত ভাড়ার পরিবর্তে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, যেখানে নিয়মিত ভাড়া ৬০ টাকা, সেখানে অনেক ক্ষেত্রে ৮০, ৯০ এমনকি ১০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে অনেক সময় যাত্রীদের সঙ্গে চালকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
সাধারণ যাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধান এখনও দৃশ্যমান নয়। একজন শ্রমিক, শিক্ষার্থী কিংবা নিম্ন আয়ের মানুষের জন্য প্রতিদিন অতিরিক্ত ২০ থেকে ৪০ টাকা ভাড়া দেওয়া বড় ধরনের আর্থিক চাপ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “চাঁদপুর-হাইমচর রুটে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিয়ে একাধিকবার আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। সভায় এমপি মহোদয়ের উপস্থিতিতে চাঁদপুর ও হাইমচর সিএনজি স্ট্যান্ড মালিক সমিতির মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের প্রস্তাব করা হয়েছে।”
তবে যাত্রীদের প্রত্যাশা, আলোচনার পাশাপাশি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করবে, যাতে প্রতিদিনের ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি পান।
