ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে চকলেটের প্রলোভনে নির্মাণাধীন ভবনে ছয় বছরের শিশুকে ধর্ষণ, কেয়ারটেকার আটক

Chandpur Tribune
আগস্ট ৬, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মাণাধীন একটি ভবনের কেয়ারটেকারের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় আব্দুল হালিম মাস্টারের মেয়ের নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলার সিঁড়ির কক্ষে এ ঘটনা ঘটে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সেলিম মজুমদার (৫৫) একই এলাকার বাসিন্দা এবং ভবনটির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন। দীর্ঘদিনের পরিচয়ের কারণে ভুক্তভোগী শিশুটি তাকে ‘দাদা’ বলে ডাকত। অভিযোগ অনুযায়ী, তিনি প্রায়ই শিশুটিকে চকলেট ও বিভিন্ন খাবারের প্রলোভন দিতেন।

ঘটনার দিন শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখে তার মা বিষয়টি জানতে চান। এ সময় শিশুটি অভিযুক্তের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে। পরে বাসায় নিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করে শিশুর শরীরে নির্যাতনের আলামত দেখতে পান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্ত সেলিম মজুমদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে হাজীগঞ্জ থানা।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিকিৎসা প্রতিবেদন, আলামত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।