ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে ৬ মাসে পুলিশের অভিযানে আটক ৫৭ মাদক কারবারি, জব্দ ইয়াবা ও গাঁজা

আফতাবুল ইসলাম মেহরাব, হাইমচর
আগস্ট ৫, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী অভিযানে গত ছয় মাসে ৫৭ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাইমচর থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে বিভিন্ন অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্ট ৫৭ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে ৩৮৫ পিস ইয়াবা এবং ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত রবিবার (২ আগস্ট) রাতে হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা এলাকা থেকে আরবি হোসেন আলবী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, হাইমচর উপজেলায় মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চাঁদপুর জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।