ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটন সম্মাননা পেলেন

Chandpur Tribune
আগস্ট ৫, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সমাজসেবক হোসেন মোল্লা লিটন শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্টে ভূষিত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. জাহাঙ্গীর হোসেন তাঁর হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, “হোসেন মোল্লা লিটন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে নীরবে ও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁকে উৎসাহিত করতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্যান্য বিত্তবান ও সচেতন ব্যক্তিরাও শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় উপস্থিত ছিলেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা তালুকদার, অভিভাবক সদস্য মো. এনামুল হক তোহা, সহকারী প্রধান শিক্ষক সুমন সাহা, সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. মোখলেসুর রহমান, যুবদল নেতা মো. আবু বকর তফদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, বিদ্যালয়ের ঝরে পড়া, এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ প্রদান এবং শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ অবদান রাখায় একাধিকবারের অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটনকে এ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য হোসেন মোল্লা লিটন বর্তমানে বাকিলা বাজারে ‘ব্লু মুন ক্যাফেটেরিয়া’ এবং বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে একটি ফাস্টফুড ব্যবসা পরিচালনা করছেন। এসব ব্যবসা থেকে অর্জিত আয়ের পুরোটা এবং নিজের পেনশনের একটি বড় অংশ তিনি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় ব্যয় করেন।

এলাকাবাসীর কাছে তিনি একজন মানবিক ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সুপরিচিত। তিনি নিয়মিতভাবে অসচ্ছল শিক্ষার্থীদের খাতা-কলম, পাঠ্যবই ও গাইড বই কিনে দেওয়া, প্রাইভেট পড়ার ব্যবস্থা করা, পরীক্ষার ফরম পূরণের ফি প্রদান, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং শিক্ষা সফরের ব্যয় বহনসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন।
শিক্ষার্থীদের কল্যাণে তাঁর এই নিরলস অবদান ও মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসন তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে উৎসাহিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।