ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতার একমাত্র ছেলের মৃত্যু: আহত চার

Chandpur Tribune
জুলাই ২২, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী তাহসীন (১৬) এবং সিএনজিচালিত অটোরিকশার যাত্রী লিলু বেগমসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মান বড়ালী গ্রামের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ির বাসিন্দা জনাব আহসান উল্লাহ দেওয়ানের একমাত্র ছেলে। সে এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও অটোরিকশার আহত যাত্রী লিলু বেগম জানান, “আমরা অটোরিকশাযোগে ফরিদগঞ্জ সদরের দিকে যাচ্ছিলাম। বড়ালী স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে আমাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা সড়কে পড়ে গিয়ে আহত হই। মোটরসাইকেল চালক মেহরাজ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।”
আরেক প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন।
হৃদয়বিদারক এ ঘটনায় শোকাহত নিহতের চাচা আনোয়ার হোসেন কান্নাকণ্ঠে বলেন, “জুম্মান খুব মেধাবী ছাত্র ছিল। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল। কিন্তু এক মুহূর্তের সড়ক দুর্ঘটনা সব স্বপ্ন চিরতরে নিভিয়ে দিল।”
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে পাঁচজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।