ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা দূর ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দিলেন মেয়র প্রার্থী জাকির হোসেন মজুমদার

মো. শাহজাহান খাঁন
জুলাই ২১, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় গণসংযোগ করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

শুক্রবার বিকেলে আয়োজিত গণসংযোগে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন নাগরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় এলাকাবাসী জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশনের দুর্বল ব্যবস্থা, মশার প্রাদুর্ভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার নানা সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় জাকির হোসেন মজুমদার বলেন, “হাজীগঞ্জ একটি প্রথম শ্রেণির পৌরসভা। অথচ দীর্ঘদিনেও জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।”

তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, জনগণের সমর্থন পেলে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার প্রতিটি এলাকার জলাবদ্ধতার কারণ নির্ণয় করে পরিকল্পিত ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে উৎসস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মেয়র প্রার্থী আরও বলেন, ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করতে বিশেষ পরিচ্ছন্নতা টিম গঠন করা হবে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এছাড়া পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে মহল্লাভিত্তিক ‘সচেতন নাগরিক সমাজ’-এর সমন্বয়ে পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হবে।

গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।