ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের বাড়িতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর জঙ্গল থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

Chandpur Tribune
জুলাই ১৯, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকার একটি জঙ্গল থেকে শিয়াল-কুকুরে খাওয়া কঙ্কালটি উদ্ধার করা হয়।

উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মো. কাওসার মিয়ার শ্বশুর শামসুল হকের (৭০) কঙ্কাল এটি। মো. কাওসার মিয়া নিজে তাঁর শ্বশুরের কঙ্কাল বলে পরিচয় নিশ্চিত করেছেন।

বৃদ্ধের মেয়ের জামাই কাওসার মিয়া বলেন, ‘গত ১৫ দিন ধরে আমার শ্বশুর নিখোঁজ। সব আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। আজ দুপুরে খবর পাই, মেকারপাড়া এলাকার একটি জঙ্গলে মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। গিয়ে দেখি শ্বশুরের পাঞ্জাবিসহ জামাকাপড় পাশেই রয়েছে। কাপড়চোপড় দেখে নিশ্চিত হই কঙ্কালটি আমার শ্বশুরের।’

কাওসার আরও বলেন, ‘শ্বশুর বৃদ্ধ মানুষ। তাঁর কোনো শত্রু রয়েছে বলে জানা নেই। কীভাবে মারা গেছেন, নাকি কেউ মেরে ফেলেছে, বলতে পারছি না।’

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গলের ভেতর একটি মানবকঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালের পাশে পড়ে থাকা জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে। স্বজনেরা কঙ্কালের পাশের জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেছেন। তিনি পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা। তারপরও পরিচয় শনাক্তের জন্য কঙ্কালটি ফরেনসিক বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।