চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে ভোট চুরির অভিযোগ থাকলেও বর্তমানে ভোটের ফলাফলই পরিবর্তন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে জেলা এনসিপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা শেষে শহরের বাইতুল আমিন চত্বর (কালীবাড়ি) এলাকায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “জনগণ গণভোটে প্রায় ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। কিন্তু ফলাফল প্রকাশের পর সেই জনমতকে পরিবর্তন করা হয়েছে। অতীতের সরকার ভোট চুরি করতো, আর বর্তমান সরকার জনগণের দেওয়া ফলাফলই চুরি করেছে।”
তিনি আরও বলেন, জনগণের মতামতকে সম্মান করা এবং গণতান্ত্রিক সিদ্ধান্তকে যথাযথভাবে প্রতিফলিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বিকেলে শহরের মিশন রোড থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। পরে বাইতুল আমিন চত্বর (কালীবাড়ি) এলাকায় পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা গণতন্ত্র, ভোটাধিকার, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
