চাঁদপুরের ফরিদগঞ্জে এ.এম.আই এসোসিয়েশন অফ মডেল ইনস্টিটিউশন্স ও আই.ই.এস ইসলামিক এডুকেশন সোসাইটি -এর উদ্যোগে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন (সোমবার) বিকেল ৩ টায় ফরিদগঞ্জের আদর্শ একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, আল-আমিন সোসাইটি চাঁদপুর ও ইসলামি ট্রাস্ট ফরিদগঞ্জের নির্বাহী সদস্য মাওলানা বিলাল হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ.এম.আই ও আই.ই.এস এবং আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন আর-রশিদ, ইসলামি ট্রাস্ট ফরিদগঞ্জের নির্বাহী সদস্য মাওলানা ইউনুস হেলাল, এ.এম.আই বৃত্তি প্রকল্পের সভাপতি অধ্যাপক শাহ আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এ.এম.আই-এর জেলা নেতৃবৃন্দ ও ফরিদগঞ্জ উপজেলা উপদেষ্টাবৃন্দ বক্তব্য রাখেন।
আদর্শ শিক্ষক ফেডারেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শরীফ মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও আদর্শ একাডেমীর মাধ্যমিক শাখার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও মনোযোগ সহকারে পড়াশোনায় আগ্রহী হবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
