ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

Chandpur Tribune
জুন ১৫, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় সম্পত্তিগত বিরোধের জেরে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তার সুমন পাটোয়ারীকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব দক্ষিণ থানা পুলিশ।

 

এর আগে রোববার (১৪ জুন) দিনগত রাতে রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকার আরব আলী পাটোয়ারীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

পুলিশ জানায়, থানার ওসির দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মান্নান হত্যার প্রধান আসামিকে বিভিন্ন কৌশল অবলম্বন ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিএমপির হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর সুমন দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিল। কিছুদিন ধরে সে বিভিন্ন জায়গা পরিবর্তন করে আসছিল।

স্থানীয়রা জানায়, গ্রেপ্তার সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সুমন পাটোয়ারীর কিশোর গ্যাং বাহিনী আছে। তার বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের অভিযোগ আছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীর মা ও স্ত্রীকে গ্রেপ্তার করে গত ৪ জুন আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।