চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অটোরিকশাচালকের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পাশের ঘরেও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, টোরাগড় গ্রামের বাসিন্দা মো. জাবেদ মিয়ার চার কক্ষবিশিষ্ট বসতঘর, বারান্দা ও পাকঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনের তাপে তার বড় ভাই মো. ফারুক মিয়ার টিনশেড ভবনের প্রথম কক্ষের কিছু আসবাবপত্রও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী ও প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছালে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সেলিম এবং হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত মো. জাবেদ মিয়া জানান, আমার থাকার একমাত্র ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। ফার্নিচার, একটি ফ্রিজ, বাড়ির দলিল, প্রয়োজনীয় কাগজপত্র, মেয়ের আসন্ন এসএসসি পরীক্ষার বই ও নথিপত্র, সব আগুনে পুড়ে গেছে। প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে এখন কোথায় থাকব বুঝতে পারছি না।
এদিকে তার বড় ভাই মো. ফারুক মিয়া জানান, তার পরিবারের সংরক্ষিত অর্থও ক্ষতির মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সেলিম ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
