চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের বরাবর হাজীগঞ্জ বাজারের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে একটি খোলা চিঠি দিয়েছেন দৈনিক দিনকাল-এর হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক কাউছার আহাম্মদ রিপন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, হাজীগঞ্জ বাজার জেলার অন্যতম বৃহৎ ও জনবহুল ব্যবসায়িক কেন্দ্র হলেও আধুনিক ও নাগরিক সুবিধার ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার প্রতি তিনি সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
চিঠিতে তিনি বলেন, হাজীগঞ্জ বাজারের হলুদপট্টির শেষ প্রান্তে অবস্থিত পৌরসভার একটি গণশৌচাগার দীর্ঘদিন ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলে হলুদপট্টি, তরকারিপট্টি, স্বর্ণকারপট্টি ও কাপড়িয়াপট্টির শত শত ব্যবসায়ী ও ক্রেতা-সাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত একটি আধুনিক গণশৌচাগার নির্মাণ বা সংস্কারের দাবি জানান তিনি।
এছাড়া কাপড়িয়াপট্টির শেষ প্রান্তে খেয়াঘাট সংলগ্ন এলাকার খালি জায়গা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় সেখানে সৌন্দর্যবর্ধন ও নদীতীর উন্নয়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন,এলাকাটি সংস্কার ও ঘাট পুনর্নির্মাণ করা হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অবসর সময়ে নদীর পাড়ে বসে স্বস্তির পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি নদীপথে মালামাল পরিবহন ও জনসাধারণের যাতায়াতও সহজ হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়,দক্ষিণ বাজারে মেয়র পার্ক সংলগ্ন পৌরসভার মালিকানাধীন প্রায় ৬ শতক জায়গার ওপর নির্মিত একটি ভবন দীর্ঘদিন ধরে ব্যক্তি দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। উক্ত স্থানটি দখলমুক্ত করে দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সুবিধার্থে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের দাবি জানান তিনি। এতে বিশেষ করে নারী ও প্রবীণদের জন্য বিশ্রাম ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন।
এছাড়া হর্কাস মার্কেট ঘাটের সিঁড়ির পূর্ব পাশে অবৈধভাবে দখলকৃত টিনশেড স্থাপনাগুলো উচ্ছেদ করে নৌকার মাঝি ও যাত্রীদের জন্য একটি যাত্রী ছাউনি নির্মাণের প্রস্তাবও তুলে ধরেন তিনি।
খোলা চিঠির শেষাংশে সাংবাদিক কাউছার আহাম্মদ রিপন বলেন, “হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের এসব সমস্যার সমাধানে মাননীয় সংসদ সদস্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি আশাবাদী।”
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলও উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
