ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে সম্পত্তিগত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত সুমন পলাতক

Chandpur Tribune
জুন ১, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ পৌর এলাকায় সম্পত্তিগত বিরোধের জেরে বেধড়ক পিটুনিতে গুরুতর আহত আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (১ জুন) ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

 

এদিকে মান্নান পাটওয়ারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্ত একই বাড়ির বাসিন্দা সুমন পাটওয়ারী (২৮) বাড়ি থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

সোমবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ দীঘলদী গ্রামের আকরাম আলী পাটওয়ারী বাড়িতে গিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নিহত মান্নান পাটওয়ারী ওই বাড়ির মৃত সিডু পাটওয়ারীর ছেলে। তিনি একসময় ফার্নিচারের কাজ করলেও বয়সের কারণে বর্তমানে বাড়িতেই অবসর জীবনযাপন করছিলেন। অভিযুক্ত সুমন পাটওয়ারী একই বাড়ির আরব আলী পাটওয়ারীর ছেলে।

 

নিহতের চাচাতো ভাই ও ওই বাড়ির বাসিন্দা তাজুল ইসলাম পাটওয়ারী জানান, গত শনিবার (৩০ মে) বিকেলে মান্নান পাটওয়ারীর ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী বাড়ির সামনে নিজের জায়গায় কিছু গাছ রোপণ করেন। কিন্তু অভিযুক্ত সুমনের মা সেই গাছগুলো উপড়ে ফেলে দিলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়।

খবর পেয়ে সুমন পাটওয়ারী দলবল নিয়ে বাড়িতে এসে প্রথমে প্রতিবন্ধী হারুন ও তার স্ত্রীকে মারধর শুরু করে। মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরে এই খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে যান জ্যেষ্ঠ ভাই আব্দুল মান্নান পাটওয়ারী। তখন সুমন পাটওয়ারী ও তার সহযোগীরা মান্নান পাটওয়ারীকেও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।

নিহতের আত্মীয় নান্নু হাওলাদার জানান, খবর পেয়ে সন্ধ্যার পর তিনি ওই বাড়িতে যান। সুমন প্রভাবশালী হওয়ায় মারধরের সময় ভয়ে কেউ তাদের উদ্ধারে এগিয়ে আসেনি। পরে আহতদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু মান্নান পাটওয়ারীর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার ছেলে জনি পাটওয়ারী।

 

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন মৃধা অভিযোগ করে বলেন, সুমন পাটওয়ারী মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তার নিজস্ব একটি কিশোর গ্যাং বাহিনী আছে। ঘটনার সময় সুমন প্রায় ৭০ থেকে ৮০ জন লোক নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। তার বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় এমন আরও অপ্রীতিকর ঘটনা ঘটবে।

মান্নান পাটওয়ারীর মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বাড়িতে শত শত উৎসুক জনতা ও এলাকাবাসী ভিড় জমান। তারা প্রশাসনের কাছে সুমন পাটওয়ারী ও তার কিশোর গ্যাং বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর বক্তব্য নেয়ার জন্য অভিযুক্ত সুমন পাটওয়ারীর বাড়িতে যাওয়া হলে দেখা যায় তাদের মূল গেটে তালা ঝুলছে। ঘরের ভেতরে লোকজন থাকলেও তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

 

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মান্নান পাটওয়ারী ও সুমন পাটওয়ারীদের মধ্যে সম্পত্তি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। ঘটনার দিন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। গুরুতর আহত মান্নান পাটওয়ারী আজ ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।