ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

Chandpur Tribune
মে ২৫, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে ঝড়ের সময় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) বেলা ২টার দিকে হরিণা ফেরিঘাট-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হেলাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকার জাইডুগি গ্রামের মো. ফরিদুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি চাঁদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে রায়পুরের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে প্রচণ্ড ঝড়ে একটি গাছ অটোরিকশার ওপর পড়ে। এতে ওই যাত্রী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হয়। এর কিছু সময় পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ওই ব্যক্তির সুরতহাল করা হয়েছে। মরদেহ এখন পর্যন্ত হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কেউ যোগাযোগ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।