চাঁদপুর সদর মডেল থানার অধীন পুরানবাজার পুলিশ ফাঁড়ির টহল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে একটি মোটরসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) পুরানবাজার পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেলটি হস্তান্তর করেন আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
পুলিশ সুপার জানান, ফাঁড়ির টহল কার্যক্রম জোরদার, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মোটরসাইকেলটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তরের মাধ্যমে পুরানবাজার এলাকায় পুলিশি নজরদারি ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই সংযোজনের মাধ্যমে পুরানবাজার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, টহল ব্যবস্থা এবং জনসেবামূলক কার্যক্রমে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।
