ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে

Chandpur Tribune
মে ১৭, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভা থেকে ডিবি পুলিশ পাঠিয়ে মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে পথসভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে পথসভার মাইক খুলে নিলে নেতাকর্মীরা প্রতিরোধ করেন। ডিবি পুলিশ একপর্যায়ে মাইক রেখে চলে যেতে বাধ্য হয়।

রোববার (১৭ মে) দুপুরে এসব কথা জানান কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

সংসদ সদস্য আবুল কালাম বলেন, গতকাল শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ছিল চাঁদপুরে। এই অনুষ্ঠান নির্ধারণের পর আমি সচিবালয়ে ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি কয়েকদিন আগে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু চাঁদপুর যাবেন আমার আসনের ওপর দিয়ে। আমার এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভার অনুরোধ করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেন আমার এলাকায় পথসভা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে আমি মুদাফফরগঞ্জ বাজারে পথসভার জন্য সভামঞ্চ প্রস্তুত করি। কিন্তু গতকাল শনিবার পথসভার দিন সকালে কুমিল্লার এসপি সাহেব ডিবি পুলিশ পাঠিয়ে সভামঞ্চ থেকে মাইক খুলে নেন। পরে আমার হাজার হাজার নেতাকর্মী তাতে বাধা দিলে ডিবি পুলিশ এসপির আদেশ বলে জানায়। আমার নেতাকর্মীরা প্রতিরোধ গড়লে ডিবি পুলিশ একপর্যায়ে মাইক রেখে চলে যেতে বাধ্য হয়।

তিনি বলেন, যতটুকু শুনেছি কুমিল্লার এসপি সাহেব আওয়ামী লীগের আমলে একজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন। আমি আমার দলের হাইকমান্ডকে বিষয়টি জানিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে পুলিশ সুপার আনিসুজ্জামানকে ফোন করা হলে তিনি কল কেটে দেন। পরবর্তীতে তার ব্যবহৃত সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে অভিযোগের বিষয়ে বক্তব্য চেয়ে একটি ক্ষুদেবার্তা পাঠানো হলে তিনি অভিযোগটি সঠিক নয় বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।