হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও সমাজকর্মী জাকির মজুমদারকে দলীয় সমর্থন দিয়েছে চাঁদপুর জেলা জামায়াত।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসানাত। তিনি জানান, হাজীগঞ্জ পৌর শহরের তৃণমূল জনশক্তির ভোট, স্থানীয় ও জেলা পর্যায়ের সাংগঠনিক সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় অনুমোদনের ভিত্তিতে জাকির মজুমদারকে মেয়র পদে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়েছে।
জাকির মজুমদার হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ মজুমদার বাড়ির বাসিন্দা। তিনি মোহাম্মদ জয়নাল আবেদীন ও জিনাত বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান। এছাড়া তিনি প্রয়াত হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের চাচাত ভাই।
দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত জাকির মজুমদার ঢাকায় দৈনিক যুগান্তর, ইউএনবি, যায়যায়দিনসহ বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমে কাজ করেছেন।
তিনি হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘মানবসমাজ’ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি নিয়মিত কলাম লেখার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সুপরিচিত। হাজীগঞ্জ প্রেস ক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন হাজীগঞ্জ শাখা, হাজীগঞ্জ সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতাদের একজন তিনি। এছাড়া বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও দীর্ঘদিন সম্পৃক্ত রয়েছেন।
প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় জাকির মজুমদার বলেন, প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। একইসঙ্গে জামায়াতে ইসলামীর সকল দায়িত্বশীল, জনশক্তি এবং হাজীগঞ্জ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি শুধু একটি দলের নয়, পুরো পৌরবাসীর সমর্থন, দোয়া ও ভালোবাসা চাই।
তিনি আরও বলেন, আল্লাহ চাইলে জনগণের সমর্থনে হাজীগঞ্জ পৌরসভাকে ন্যায়, ইনসাফ, সেবা ও মানবিক মর্যাদার মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে জনকল্যাণে নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ।
জাকির মজুমদারের প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।
