এসএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ ঘটনায় পাবলিক পরীক্ষা আইনের প্রয়োগ ও বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। আইন অনুযায়ী পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও পরীক্ষা কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ড কতটা বৈধ— তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ অবস্থায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিষয়টি নিয়ে চূড়ান্ত ও স্পষ্ট নির্দেশনার জন্য তারা শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির বলেন, শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা ছিল যে, কোনো জনপ্রতিনিধি সঙ্গী-সাথী নিয়ে বা পরীক্ষার্থীদের বিরক্ত করে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আমি বিষয়টি ইতোমধ্যেই মন্ত্রীমহোদয়কে জানিয়েছি। এ বিষয়ে আবারও মন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য স্পষ্ট দিকনির্দেশনা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে, বিষয়টি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকে আমি বিষয়টি জেনেছি। পরীক্ষা কক্ষে সাধারণত কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই থাকেন, বাইরে থেকে অন্য কারও প্রবেশের সুযোগ নেই। বোর্ডের পরিদর্শন দল নির্ধারিত নিয়মে কেন্দ্র পরিদর্শন করতে পারে।
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এমপি কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন— এমন কোনো প্রশাসনিক নির্দেশনা থাকতে পারে। তবে পরীক্ষা কক্ষ অত্যন্ত সংবেদনশীল স্থান, যেখানে গোপনীয়তা বজায় রাখা জরুরি। পরিদর্শনে গেলেও কোনো ধরনের লাইভ সম্প্রচার বা এমন কার্যক্রম কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে লাইভ সম্প্রচারের বিষয়টি শুনলেও তিনি নিজে তা সরাসরি দেখেননি বলেও দাবি করেন।
উল্লেখ্য, আজ সকালে কুমিল্লার হোমনায় একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ করেন এমপি সেলিম ভূঁইয়া। ফেসবুক লাইভে দেখা যায়, সকাল ১০টা ১০ মিনিটে সংসদ সদস্য তার ব্যক্তিগত আইডি থেকে সরাসরি সম্প্রচার শুরু করেন। প্রায় ৯ মিনিটের ওই ভিডিওতে তাকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে বিভিন্ন পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেখা যায়। কক্ষে ঢুকে তিনি পরীক্ষার্থীদের বেঞ্চের সামনে গিয়ে প্রশ্নপত্র সহজ হয়েছে কি না— তা জানতে চান এবং ইশারা-অঙ্গভঙ্গির মাধ্যমে শিক্ষার্থীদের নানা নির্দেশনা দিতে থাকেন।
এর আগে ১২ এপ্রিল ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্থানীয় সংসদ সদস্যরা হল পরিদর্শনে যেতে পারবেন না। তিনি বলেছিলেন, ‘এসএসসি পরীক্ষা আসছে। সামনে এইচএসসি পরীক্ষা। এসব পরীক্ষায় হল পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্যরা সঙ্গী-সাথী নিয়ে যেতে পারবেন না। এ সুযোগ নেই। পরীক্ষার্থীদের বিরক্ত করা যাবে না। সেটা কেউ করতে পারবেন না। কেন্দ্রের সচিবদের এসব বিষয় খেয়াল রাখতে হবে।’
