চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তির সাথে দলের কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) হাজীগঞ্জ পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল খায়ের মজুমদার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সারোয়ার মুন্সী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ধেররা গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন (পিতা: নুরু মেলেটারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত প্রায় ১৭ বছরে তার বিভিন্ন কর্মকাণ্ড দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলার পরিপন্থী ছিল। সম্প্রতি তিনি বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছে চাঁদাবাজি, প্রভাব বিস্তার এবং দখলদারিত্বের মতো অভিযোগে জড়িত বলে দাবি করা হয়েছে।
এ ধরনের অপকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নেই এবং এর দায়ভার বিএনপি কোনোভাবেই বহন করবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন,একটি স্বার্থান্বেষী মহল দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। এ বিষয়ে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে দলের নাম ব্যবহার করে কেউ কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তা প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ বা তথ্য থাকলে তা দ্রুত স্বাক্ষরকারীদের অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
