মতলব দক্ষিণে অভিযান চালিয়ে ৩৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে অভিযান চালানো হয়।
আটক ওই ব্যক্তি হলেন–দোকান মালিক মো. হাসান (৩০)।
পুলিশ জানায়, উপজেলার উত্তর নওগাঁও ঢালি মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানে মজুত করে রাখা বিপুল পরিমান ডিজেলের সন্ধান পাওয়া যায়। পরে দোকান মালিককে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান সারা দেশে জোরদার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলেও জানিয়েছে পুলিশ।
