চরাঞ্চল থেকে প্রসব ব্যথা নিয়ে চাঁদপুর হাসপাতালে যাওয়ার পথে লঞ্চে মেয়ের জন্ম দিয়েছেন এক প্রসূতি। পরে প্রসূতিকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এমন ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর লঞ্চঘাট নৌ-থানার ওসি এ কে এস এস ইকবাল।
লঞ্চে জন্ম নেওয়া নবজাতকের আজীবন যাতায়াত ‘ভাড়া ফ্রি’ ঘোষণা করেছেন লঞ্চ মালিক।
ইকবাল বলেন, লঞ্চে প্রসূতির সন্তান প্রসবের খবর পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহায়তা করেন।
প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া বলেন, শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের যাওয়ার পথে প্রসব ব্যথা ওঠে।
চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্তান ভালো আছে। তবে নবজাতকের মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
ওসি ইকবাল বলেন, লঞ্চ মালিকপক্ষ দম্পতিকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছেন। পাশাপাশি এ লঞ্চে নবজাতকের যাতায়াত ‘ভাড়া আজীবন ফ্রি’ করা হয়েছে।
