ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

যাকাতের কাপড় বিতরণ নিয়ে মতলব দক্ষিণে হামলা-ভাঙচুর, আটক দুই

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ২৪, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলায় যাকাতের কাপড় বিতরণকে কেন্দ্র করে বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সোহাগ পাটওয়ারী (৪৩) ও রুবেল পাটওয়ারী (৩৫) নামে দুইজনকে আটক করেছে।

সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আচলছিলা গ্রামের সরকার বাড়ি ও স্থানীয় বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদ রাতে সোহাগ পাটওয়ারী গরিবদের জন্য নির্ধারিত যাকাতের কাপড় এলাকার ধনী পরিবারের বাড়িতে গোপনে বিতরণ করেন এবং তার নিজস্ব ঈদ কার্ড সংযুক্ত করেন। এ নিয়ে সোমবার বাজারে সোহাগ পাটওয়ারীর সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে সোহাগ পাটওয়ারী ও তার ভাই রুবেল পাটওয়ারীসহ কয়েকজন ঘিলাতলী ও বাড়ৈগাঁও এলাকা থেকে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ কামাল হোসাইন, আবদুল হক সরকার, জাহাঙ্গীর সরকার, জহিরুল হক সরকার ও শাহআলম সরকারের বাড়িতে হামলা চালায়। একই সঙ্গে তোফায়েল সরকার মন্টুর দোকানেও ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী রাবেয়া বেগম জানান, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকা লুট করে নেয়। এছাড়া সরকার বাড়ির একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে আটক সোহাগ পাটওয়ারীর আত্মীয় দাবি করেন, ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রার্থী হওয়ায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার জানান, এ ঘটনায় রাবেয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।