ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হকের মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১৮, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক আর নেই।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮৩ বছর।

ফজলুল হকের বড় ছেলে জিয়াউল হক জিকু জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের মিছির আলী গাজীর ছেলে জিএম ফজলুল হক সপরিবারে ঢাকাতেই থাকতেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবারের তরফে জানানো হয়েছে, চাঁদপুরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে ফজলুল হককে দাফন করা হবে। তবে জানাজার সময় এখনও ঠিক হয়নি।

বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফজলুল হক। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী দীপু মনির কাছে হেরে যান।

 

সংসদ সদস্য থাকাকালে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন জিএম ফজলুল হক।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির নেতারা প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।