ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মরা মুরগি বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১২, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরে মরা মুরগি বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ ছাড়া ভেজাল ও অনিয়মের অভিযোগে আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপন খবর পেয়ে ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ নামের একটি দোকানে মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। দোকানে ১০টি মরা মুরগি পাওয়া যায়।

তাৎক্ষণিক ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

তবে ব্যবসায়ীর দাবি, অসাবধানতাবশত মরা মুরগিগুলো দোকানে রাখা হয়েছিল এবং সেগুলো বিক্রির উদ্দেশ্য ছিল না।

 

একই অভিযানে বাজারের একটি মাংসের দোকানে চর্বির সঙ্গে রক্ত মিশিয়ে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকার অভিযোগে ফাতেমা ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানকে তিন হাজার এবং একই অপরাধে আঁখি কসমেটিকসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজারে ভেজাল ও অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য ও ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।