ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পশ্চিম বাজার যাত্রী ছাউনি আবারও দখলে

স্টাফ রিপোর্টার:
মার্চ ৫, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার পশ্চিম বাজার এলাকার গুরুত্বপূর্ণ যাত্রী ছাউনি আবারও দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে ছাউনিটি মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ফলে সাধারণ যাত্রীরা সেখানে আশ্রয় নিতে পারছেন না এবং বাজার এলাকায় যানজটও বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, এই যাত্রী ছাউনিটি হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে সাবেক জেলা প্রশাসক, চাঁদপুরের উদ্যোগে যানজট নিরসনে কাজ করা হলে ছাউনিটি যাত্রীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। তখন যাত্রীরা স্বাচ্ছন্দ্যে এটি ব্যবহার করতে পেরেছিলেন এবং বাজার এলাকায় কিছুটা শৃঙ্খলা ফিরে আসে।

কিন্তু হঠাৎ করেই অজ্ঞাত কারণে ছাউনিটি আবারও দখলে চলে যায় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে যাত্রীরা সেখানে দাঁড়াতে পারছেন না। এমনকি বোগদাদ ও আইদি পরিবহনের যাত্রীরাও ছাউনির ভেতরে যেতে পারছেন না বলে জানা গেছে।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে দখল চললেও সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

আগামী ৭ তারিখ থেকে বাজারের হকার উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, তার আগে যাত্রী ছাউনিটি দখলমুক্ত করা জরুরি।

আসন্ন ঈদকে সামনে রেখে হাজীগঞ্জে জনসমাগম বাড়বে। তাই সাধারণ মানুষের নিরাপত্তা ও চলাচলের সুবিধা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।