ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১ মার্চ) বলাখালে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং সরকারি ইনজেকশনের সিরিঞ্জ মজুদ রাখার অভিযোগে মেসার্স মিতু ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ ফুড কালার রাখার দায়ে ওয়েলকাম সুইটস অ্যান্ড বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এ জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও বাসি খাবার জব্দ করে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকেরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা দেয়। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।