ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কলেজছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মঞ্জুর এলাহী কাজেমী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৫-এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আকবর আলী জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। অপহরণের দায়ে আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ধর্ষণের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। উভয় দণ্ড একসঙ্গে কার্যকর হবে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২ জানুয়ারি সকালে নগরের চকবাজার এলাকা দিয়ে কলেজে যাওয়ার পথে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করা হয়। পরে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় নিয়ে ধর্ষণ করা হয়। পরদিন দামপাড়া এলাকার একটি বাসায় তাকে আটকে রাখা হয়।

ঘটনার পর শিক্ষার্থীর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ অভিযান চালিয়ে দামপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। পরবর্তীতে শিক্ষার্থীর মা বাদী হয়ে চকবাজার থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।