ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে ইয়াবা রাকিব আটক, ১৪০ পিস ইয়াবা উদ্ধার

নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জ উপজেলা সদরে মাদকবিরোধী অভিযানে রাকিব (৩০) নামের এক যুবককে পঞ্চমবারের মতো গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে মোট ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে ফরিদগঞ্জ মডেল প্রাথমিক স্কুল সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সড়কে রাকিবের বাবা ও ভাইয়ের একটি মুদি দোকান রয়েছে। দোকানের নিকট থেকে বিক্রির উদ্দেশ্যে সঙ্গে থাকা ৪০ পিস ইয়াবাসহ রাকিবকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে রাকিব ইকরা মডেল মাদরাসার ভেতরে রাখা আরও ইয়াবার তথ্য দেয়। পরে সেখান থেকে অতিরিক্ত ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, রাকিব এলাকায় ‘ইয়াবা রাকিব’ নামে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। সর্বশেষ ঘটনাসহ তার বিরুদ্ধে মোট পাঁচটি মাদক মামলা রুজু হয়েছে। বিভিন্ন সময়ে মাদক উদ্ধারসহ তাকে আদালতে প্রেরণ করা হলেও জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, রাকিব ও তার পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার পরিবারের দোকান থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছিল।

তবে এলাকার একাধিক সূত্র দাবি করেছে, অভিযানের সময় রাকিবের কাছে আরও বেশি পরিমাণ ইয়াবা থাকার কথা থাকলেও পুলিশ বড় চালান উদ্ধার করতে পারেনি। অভিযোগ রয়েছে, রাকিব পাইকারি পর্যায়ে ইয়াবা সরবরাহ করতেন এবং তার নেটওয়ার্কে অন্তত ১৫-২০ জন জড়িত রয়েছে।

অভিযান প্রসঙ্গে জানা গেছে, এএসআই জুমায়েত হোসেন জুয়েল গোপন সূত্রে তথ্য পেয়ে বিষয়টি থানার ওসি হেলাল উদ্দিনকে অবহিত করেন। তার নির্দেশে এসআই মো. আবু তাহের, এএসআই মাসুদুল হক ও এএসআই মো. জাকির হোসাইনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

কাছিয়াড়া বুজরুক আলী পাটওয়ারী বাড়ির আলী হোসেন প্রকাশ ‘হোঁসা’র ছেলে রাকিবের বিরুদ্ধে পঞ্চমবারের মতো মাদক মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।