ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে অ্যাম্বুলেন্স-সিএনজি-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স, মাছবাহী সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা ভ্যানগাড়ির মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন চালক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে শহরের ব্যস্ততম ওয়ারলেস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সঙ্গে মাছ বহনকারী একটি সিএনজি অটোরিকশা ও রিকশা ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি যাত্রী কামাল হোসেন (৪২) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত কামাল কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের আবু হানিফের ছেলে।


দুর্ঘটনায় অটোরিকশা চালক বশির আহমেদ (৪০) গুরুতর আহত হন। তিনি কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আলমাসের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। জানা গেছে, তার মাথায় গভীর ক্ষত হওয়ায় তিনটি সেলাই দিতে হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল হাসান চৌধুরী বলেন, কামাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও জখমের চিহ্ন রয়েছে।
দুর্ঘটনার বিষয়ে চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।