ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে পরিবর্তনের পক্ষে ভোট দিতে তরুণ ভোটারদের উপস্থিতি বেশি

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে জেলার ৫ টি আসনে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। সাড়ে সাতটা বাজার সাথে সাথেই ভোটাররা ভোট দেওয়া শুরু করেছেন।

জেলার ভোটকেন্দ্রগুলো ঘুরে ভোটারদের আশাব্যঞ্জক উপস্থিতি দেখা যায়। তবে তাদের মধ্যে তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পরিবর্তনের পক্ষে ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছেন তারা। তারা মনে করেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নিজের ভোট নিজে দিতে হবে।

ভোট কেন্দ্রগুলোতে ভোট দিতে এসেছেন অশীতিপর বৃদ্ধা থেকে শুরু করে প্রতিবন্ধী ভোটাররাও। নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

জেলার চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনের ৯ নং গোবিন্দপুর ইউনিয়ন এর চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, হাসা বালিকা কেন্দ্র, হাসা ফাজিল মাদ্রাসা কেন্দ্র এবং বাটিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায়, শত শত নারী ও পুরুষ ভোটারদের উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার চিত্র। ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন ভোটাররা।

প্রতিবন্ধী ভোটার মরিয়ম বিবি (৭০) বলেন, অনেক চমৎকার পরিবেশে ভোট দিলাম।

ভোটার ইমরান (৪৫) বলেন, অনেক কষ্ট করে বাড়ি থেকে এসেছি ভোট দেওয়ার জন্য। তিনি সঠিকভাবে ভোট দিতে পেরে খুশি।

বৃদ্ধ ফজলুল হক (৭২) বলেন, অনেক বছর পরে নিজের ভোট দিতে পারলাম। তাই ভালো লাগছে। অশীতিপর বৃদ্ধা মাসুমা বেগম (৮৫) ছেলে ও তার বউয়ের কাঁধে ভর করে এসেছেন ভোট দেওয়ার জন্য। তিনি ভোট দিতে পেরে খুবই উৎফুল্ল।

প্রথমবারের মতো ভোটার হয়ে ভোট দিতে এসেছেন সায়েলা (১৯)। জীবনের প্রথম ভোট দিতে পেরে আনন্দিত মনে বাড়ি ফিরছেন। তিনি বলেন, ‘পরিবর্তনের জন্য ভোট দিয়েছি।’

আকলিমা পপি (২০) বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুবই খুশি লাগছে।

তরুণ প্রজন্মের ভোটার মাহমুদ শাহ(১৮) বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রথমবারের মতো ভোট কেন্দ্রে এসেছিলাম। সুন্দর ও চমৎকার পরিবেশে জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। কোন ডর ভয় পাই নাই। কেউ প্রভাবিত ও করেনি।’

প্রথমবারের মতো ভোট দিতে আসা হাফেজ ওমর ফারুক বলেন, চমৎকার নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। সবাই ভোট উৎসবে শামিল হয়েছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

চাঁদপুরের পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। এরমধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ৫ জন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ৩ জন, জাতীয় পার্টির লাঙল প্রতীকে ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে ৪ জন এবং অন্যান্য প্রতীকে ২০জন।

জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৩১ হাজার ১৯০ জন। এরমধ্যে পুরুষ ১১ লাখ ১ হাজার ৮৫৪ জন, নারী ভোটার ১২ লাখ ২৯ হাজার ৩২৫ জন এবং হিজড়া ১১জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭০৬টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।